রিভারস্টোন লিমিটেড নামে আরও একটি নতুন পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৬ আগস্ট রিভারস্টোন লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতেই নতুন মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওই সভায় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ১৯৯৬-এর বিধি-বিধান ও শর্তাদি যথাযথ পরিপালন করায় কমিশন রিভারস্টোন লিমিটেডকে মার্চেন্ট ব্যাংকার (ইস্যু ম্যানেজার) হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন এ মার্চেন্ট ব্যাংকটির রেজিষ্ট্রেশন নম্বর- (বিএম- ৮৯/২০১৪)।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর রিভারস্টোন লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আবেদন জানায় বিএসইসির কাছে।
জানা গেছে, ২০০৯ সালের ৩১ আগস্ট পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা বাড়ানোর জন্য বিএসইসিকে অনুমোদন দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ওই সময়ে সর্বোচ্চ ৫০টি প্রতিষ্ঠানকে নতুন করে মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আবারও নতুন মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য বিএসইসিকে অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





