চলতি বাজেটের চেয়ে প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ কমায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক সমিতির নেতারা।
শুক্রবার এক বিবৃতিতে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোর্শেদ আলী ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, চলতি বাজেটে বরাদ্দ আছে ৫.৬৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটে তা থেকে কমিয়ে ৪.৯৮ শতাংশ করা হয়েছে। যদিও টাকার অংকে চলতি বছরের চেয়ে প্রস্তাবিত বাজেটে ১১১ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।
তবে গত বছরের তুলনায় ক্রমবর্ধমান উৎপাদন খরচ বেড়ে যাবার তুলনায় তা নিতান্তই হাস্যকর কৃষিখাতে বাজেট। মোট বাজেটে অন্যান্য খাতের চেয়ে কৃষিতে গুরুত্ব কম দেয়ায় প্রতি বছরের মতো এবারো কৃষক ক্ষতির সম্মুখীন হবে।
বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রী কৃষকদের অবদানের স্বীকৃতি জন্য কৃষি খাতে করমুক্ত আয় সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ করেছে। কিন্তু প্রান্তিক গরীব কৃষক কর দিবে কোথা থেকে তার উৎপাদন খরচই উঠাতে হিমশিম খাচ্ছে। এতে ধনী কৃষকরা লাভবান হলেও প্রান্তিক কৃষকের কোনো লাভ হবে না।
এছাড়াও কৃষকের উপকরণ সহায়তা দেয়া পণ্যের উৎপাদন বাড়াতে নেয়া কার্যক্রম গতিশীল রাখা, কৃষি গবেষণা, কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলাসহ বিভিন্ন অঙ্গীকারের ফুলঝুরি বক্তব্য দিলেও তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
তারা আরও বলেন, ফসলের লাভজনক দাম নিশ্চিত করার জন্য ইউনিয়নে ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ফসল ক্রয়, সার-বীজ-কীটনাশক-ডিজেল-বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানোসহ এ বিষয়ে কোনো সুস্পষ্ট উদ্যোগ না থাকায় এ বাজেট কৃষিবান্ধব তো নয়ই বরং মোট বাজেট থেকে বরাদ্দ কমানোর ফলে কৃষকরা আরও হতাশার সম্মুখীন হবে।
চলতি বাজেটে কৃষির বরাদ্দ ১২ হাজার ২৭৯ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ১২ হাজার ৩৯০ কোটি টাকা। ফলে প্রকৃত বরাদ্দ ১১১ কোটি টাকা বাড়লেও চলতি বাজেট ২ লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকা থেকে বেড়ে প্রস্তাবিত বাজেটে করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
বাজেটের আকার বেড়েছে ৫.৩৯ শতাংশ। কিন্তু কৃষির বরাদ্দ আনুপাতিক হাড়ে না বেড়ে বরং কমানো হয়েছে। নেতৃবৃন্দ ক্ষুদে প্রান্তিক কৃষক বাঁচাতে, কৃষি বাঁচাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
[b]ঢাকা, আইএইচ, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]