অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসরকারি মালিকানাধীন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান উজ-জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর গুলশান থানায় বুধবার (০৬ এপ্রিল) দুপুরে দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল বলেন, ‘বুধবার দুপুরে দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ-জামানের বিরুদ্ধে মামলা করেন।’

এজাহারের তথ্য মতে, মিডল্যান্ড ব্যাংকের এমডির বিরুদ্ধে এক কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া আহসান উজ-জামানসহ তার স্ত্রী ও মায়ের যৌথ নামে ২৫টি অ্যাকাউন্টে ৭ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা পায় দুদক। অ্যাকাউন্টগুলো যৌথ হলেও আহসান উজ-জামানই পরিচালনা করতেন।

কিন্তু তিনি দুদকে ও আয়কর ফাইলে ৬ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকা প্রদর্শন করেন।

বাকি এক কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা আয়কর ফাইলে প্রদর্শন না করায় এ অর্থ জ্ঞাত আয়বহির্ভূত উল্লেখ করে মামলা করে দুদক।

এসএম