টানা ২৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একাধিক কর্মসূচীতে অংশগ্রহন করতে বুধবার সকাল সোয়া ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন অর্থমন্ত্রী।
জানা গেছে, অর্থমন্ত্রী মুহিত আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিলের ভোজসভায় যোগদান, গ্লোবাল সিটিজেন উৎসব ২০১৪, কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা, আইডিবি আয়োজিত সেমিনারে ‘লেসন্স অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইকনোমিক ট্রানজিশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আইডিবি গ্রুপের ভোজসভায় যোগ দেবেন।
প্রসঙ্গত: জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। প্রধানমন্ত্রীর এ সফরের অংশ হিসেবে ওই অনুষ্ঠানেও অর্থমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





