সোমবার (২ নভেম্বর) স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এসব হামলার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম বিনোদন এলাকায়।

ডালাস পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত থেকে রোববারের প্রথম প্রহর পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে সেখানে তিনটি পৃথক বন্দুক হামলা হয়। এতে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।

ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো বলেন, তিনটি হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত—এমন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার উদ্দেশ্য ও কারণ জানতে তদন্ত চলছে।

আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামেও ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। আলাবামা স্টেট ইউনিভার্সিটি ও আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির মধ্যকার ঐতিহ্যবাহী ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে ও পার্কিং এলাকায় এসব হামলা হয়। এতে একজন নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ম্যাচটি দেখতে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ফ্লোরিডার জ্যাকসনভিলে হ্যালোইন উদ্‌যাপনকে কেন্দ্র করে দুটি পৃথক বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরী এবং অন্য ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, বিরোধ ও সংঘর্ষ থেকেই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে একটি পোশাকের দোকানে বন্দুক হামলায় ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। চার সন্তানের জননী ওই নারীকে হত্যার ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে তদন্ত করছে।

এ ছাড়া মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত ও চারজন আহত হন। ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইন্ডিয়ানার ব্লুমিংটনেও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে বন্দুক হামলায় সাতজন আহত হন।

ডেলাওয়্যারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছাকাছি হ্যালোইন উদ্‌যাপনের সময় ছয়জন গুলিবিদ্ধ হন। একই অঙ্গরাজ্যের এলেনডেলে একটি জনসমাগমস্থলে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত এবং আরও আটজন আহত হন। এ ছাড়া আরকানসাস, টেক্সাসসহ অন্যান্য অঙ্গরাজ্যেও বন্দুক হামলার খবর পাওয়া গেছে।

মিশিগানের ডেট্রয়েটের কাছে ম্যাডিসন হাইটসে একটি পোশাকের দোকানে বন্দুক হামলায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হন। অন্যদিকে, ডেট্রয়েট শহরে হ্যালোইনের পোশাক পরে বাড়িতে খেলতে থাকা পাঁচ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব পালিত হয়। এ সময় মানুষ বিচিত্র পোশাক পরে রাস্তায় বের হন এবং বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে অংশ নেন। বিশেষজ্ঞদের মতে, উৎসব ঘিরে বিপুল জনসমাগম, মদ্যপান, মাদক গ্রহণ ও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এফবিআইয়ের ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণে ৩১ অক্টোবরকে বছরের তৃতীয় সর্বাধিক সহিংস দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এস