জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ৭ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৯৭ কোটি ও বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপত্বিত করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্র করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের পাহাড় পর্বতকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। চিটাগাং হিলটেক্সে সম্ভাবনা অনেক। একে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে।’
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরোসন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট, এই প্রকল্প বাস্তবায়নে ৮২৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট , এটা বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৫৭ কোটি টাকা। পশ্চিশ গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প, এটা বাস্তবায়নে ব্যয় হবে ১২২ কোটি টাকা।
এছাড়া শেরেবাংলা নগরে ডাক অধিদপ্তরের সদর দপ্তর নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি টাকা। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত), এর ব্যয় ধরা হয়েছে ৪৯০ কোটি টাকা। চিম্বুক- রুমা সড়কের ২৪ কিলোমিটারে (রুমা সংযোগ সড়কের ২ কিলোমিটার) সাংগু নদীর উপর ২১৭ দশমিক ১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর (রুমা সেতুর) অবশিষ্ট কাজ সমাপ্তকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





