বুধবার জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

শেরপুর-১ আসনের বিরোধীদলীয় সদস্য এম রাশেদুল ইসলাম রাশেদ কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে নোটিশটি উত্থাপন করেন।

মন্ত্রী বলেন, ই-কমার্স ব্যবসা একটি চলমান প্রক্রিয়া। প্রস্তাবিত ই-কমার্স কর্তৃপক্ষ গঠিত হলে নিবন্ধিত মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর কার্যক্রম আরও কঠোরভাবে নজরদারি করা সম্ভব হবে।

তিনি জানান, কোভিড-১৯ মহামারির আগে ও পরে দেশে অনলাইন ব্যবসার দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এসব ব্যবসা ও এমএলএম কোম্পানিকে আইনি কাঠামোর আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ডিজিটাল কমার্স নীতি, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকাসহ বিভিন্ন নীতি ও নির্দেশিকা প্রণয়ন করেছে।

ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ-কম, ধামাকা শপিং ও আলিশা মার্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতারণার প্রসঙ্গ তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মোট ৫৮ হাজার ৭২০টি আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে আর্থিক দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত দেশে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও নিবন্ধনের জন্য কোনো আইনগত কর্তৃপক্ষ ছিল না।

পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা জারি করে। এর আওতায় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি)।

এ পর্যন্ত আরজেএসসি প্রায় ১ হাজার ৯০২টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল নিবন্ধন দিয়েছে বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ পাওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩১ কোটি টাকা উদ্ধার করেছে।

উদ্ধার করা অর্থের মধ্যে ৪৭২ কোটি টাকা ইতোমধ্যে প্রকৃত ভোক্তাদের হিসাবে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

সরকারের পরিকল্পিত ই-কমার্স কর্তৃপক্ষ গঠিত হলে অনলাইন ব্যবসার নিবন্ধন, তদারকি ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এস