বৃহস্পতিবার থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত দুই মাস দেশে কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজ আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল চীনা জাহাজ ‘নিনেমিয়া’ যাত্রা শুরু করে। প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়।

তেল খালাসের জন্য ইতোমধ্যে ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন তেল পরিবহন করতে পারবে। ফলে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন অপরিশোধিত তেল খালাস করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কুতুবদিয়া থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ধাপে ধাপে তেল পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় পর বড় পরিমাণ তেল আমদানি হওয়ায় জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং রিফাইনারির কার্যক্রমও আবার স্বাভাবিক গতি ফিরে পাবে।

এস