তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৭০ কোটি ৬১ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপত্বিত করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ (১ম পর্যায়) বিদ্যমান মৌজা ম্যাপস অ্যান্ড খতিয়ানসমূহের কম্পিউটারইজেশন (২য় সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ৯২ কোটি ৭৮ লাখ টাকা। সাইনবোর্ড- মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১২৩ কোটি ৪৮ লাখ টাকা এবং ৪০ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট এয়ার ব্রিদিং ও গ্যাস ফায়ার্ড ফায়ার ফাইটিং ট্রেনিং গ্যালারি এবং ঘাটতি ফায়ার ফাইটিং রেসকিউ সরঞ্জাম সংগ্রহ প্রকল্প, এর ব্যয় ৫৪ কোটি ৩৫ লাখ টাকা।
এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে দুর্যোগের পরিমাণ বাড়ছে। তাই দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হচ্ছে। দুর্নীতি কমাতে সরকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ, বিদ্যমান মৌজা ম্যাপস অ্যান্ড খতিয়ান সমূহের কম্পিউটারাইজেশন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





