মাপে তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের একটি সার্ভিস স্টেশনের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেছেন, শেখ ইসতিয়াক আহমেদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন শেখ ইসতিয়াক।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভোক্তা অধিকারের ফরমে তিনি লিখিত অভিযোগ করেছেন। অধিদপ্তরের কর্মকর্তারা তার কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নিলে দীর্ঘদিনের অনিয়ম থেকে রেহাই পাবেন মোটরসাইকেলচালকরা।
ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, পাম্প থেকে তেল কম দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে আগামী বৃহস্পতিবার শুনানি করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সোমবার তেল কম দেওয়ায় পাম্পের সামনে অবস্থান করেন ইসতিয়াক। ‘সঠিক পরিমাণে তেল চাই’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে সকাল ১১টা থেকে এ অবস্থান নেন তিনি।
ইসতিয়াক আহমেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে আমি শ্যামলী থেকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাচ্ছিলাম। পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে মোটরসাইকেলে ৫০০ টাকার অকটেন নিই। কিন্তু সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী আকাশ তাকে একটু সরে গিয়ে পেছনে দাঁড়াতে বলেন। এতে তিনি একটু দূরে গাছের আড়ালে গেলে মোটরসাইকেলে তেল দেওয়া হয়। তখন তিনি তেল কম দেওয়ার বিষয়টি বুঝতে পারেন। ৫০০ টাকার ভাউচার পেলেও সঠিক পরিমাণে তেল পাননি বলে অভিযোগ করেন। তিনি ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপতে বলেন। কিন্তু তারা তা করেনি।
এরপরই ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে সকাল ১১টা থেকে অবস্থান করেন তিনি।
এমআর





