বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে দেশের ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে। অর্থাৎ তিন মাসে এমন অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ৭৭টি।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। ফলে বছরের শুরু থেকেই এ ধরনের ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

কোটি টাকার অ্যাকাউন্টে আমানত বেড়েছে ১৬ হাজার কোটি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ শেষে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টগুলোতে মোট অর্থের পরিমাণ ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায়।

অর্থাৎ তিন মাসে এসব অ্যাকাউন্টে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

তবে ব্যাংকে কোটি টাকার বেশি অর্থ থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি কোটিপতি—এমনটি নয়। কারণ এসব হিসাবে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের অর্থ থাকতে পারে।

এ ছাড়া একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। ফলে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক কোটি টাকার হিসাবও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত থাকতে পারে।

কোটিপতি হিসাব বাড়ার কারণ কী

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, কর ও ভ্যাট ফাঁকির পাশাপাশি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ও দেশে সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

তিনি বলেন, কর ও ভ্যাট ফাঁকির মাধ্যমে অনেকে দ্রুত সম্পদের মালিক হচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কারণে কিছু ব্যক্তি সম্পদের প্রকৃত হিসাব না দিয়েও সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের অনেক ক্ষেত্রেই যথাযথ জবাবদিহির আওতায় না আনার বিষয়টিও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

মোট ব্যাংক হিসাব ও আমানতও বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টিতে।

অর্থাৎ তিন মাসে ব্যাংক হিসাব বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি।

একই সময়ে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণও বেড়েছে। মার্চ শেষে ব্যাংকগুলোর মোট আমানত ছিল ২১ লাখ ৫৮ হাজার ২৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে হয়েছে ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।

সে হিসাবে তিন মাসে ব্যাংক খাতে মোট আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।

এস