সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪। বুধবার বিকাল সাড়ে ৪টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
প্রায় ৩ বছর পর সিলেটের শাহী ঈদগার সদর উপজেলা খেলার মাঠে এ মেলার আয়োজন করছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশি-বিদেশি বেশ কিছু স্টল ইতোমধ্যেই মেলায় অংশগ্রহণ করেছে।
মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের মেলায় দেশি-বিদেশি মোট ১৬০টি স্টল, ৪টি মেগা প্যাভিলিয়ন, ৪টি প্রিমিয়ার, ৩টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ৩টি ফরেন জোন ও ৪টি টেক্সটাইল জোন, ২টি ফুড কর্ণার রয়েছে।
দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, কোরিয়া, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে চীন এবং পাকিস্তান মেলায় তাদের স্টল বসিয়েছে। ৭ তারিখ চট্টগ্রাম বাণিজ্যমেলা শেষ করে অন্যান্য দেশও মেলায় অংশ নেবে বলে জানা গেছে।
এদিকে মেলায় রিয়েল এস্টেট, আইটি টেলিকম জোন, ট্যুরিজম সেন্টার ও ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোগতা ও মহিলা উদ্যোগতাদের জন্য রেয়াতি মূল্যে বেশ কিছু স্টল রয়েছে।
এবারের মেলায় চেম্বার অফিসের পাশাপাশি মিডিয়া সেন্টারও রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসএমসিসিআইর নিজস্ব সিকিউরিটি এবং ভলেন্টিয়ার গ্রুপ কাজ করবে। নিরাপত্তার জন্য পুরো মাঠ জুড়ে বসানো হয়েছে সিকিউরিটি ক্যামেরা।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং মেলা কমিটির আহ্বায়ক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ইতোমধ্যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশগ্রহন করেছে। আরো অনেক দেশ আসছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
জেএ





