রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক কৃষকের ৮০০ বস্তা আলু মাঠ থেকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে একটি হিমাগারের মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর থানার পুলিশ আলুগুলো ট্রাকে ভরে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আলু প্রজেক্টের মালিক ও হিমাগারের মালিকের মধ্যে টাকাপয়সা নিয়ে বিরোধ চলছে।
রোববার জমি থেকে আলু ওঠানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতেই পুলিশ আলুগুলো নিয়ে থানায় জব্দ করেছে।
আলু প্রজেক্টের শ্রমিক রাব্বানী জানান, রাত ১০টার দিকে তিনি আলুখেতে ছিলেন। এ সময় দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই ) মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই ) কাদেরের নেতৃত্বে দুই ভ্যান পুলিশ উপস্থিত হয়। এরপর পুলিশ সদস্যরা কয়েকজন শ্রমিকের সহায়তায় দুটি ট্রাকে করে মোট ৮০০ বস্তা আলু উঠিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আলু প্রজেক্টের মালিক আবদুর রাজ্জাক জানান, নিগার কোল্ডস্টোরেজের মালিক নূরুন নবীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার আলুবীজ নিয়েছিলেন তিনি। আলু বিক্রি করে সোমবার টাকা পরিশোধ করার কথাও হয় তার সঙ্গে। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী শিবপুর হিমাগারে ছিলেন। ঘটনাস্থলে থাকা তার নৈশপ্রহরীর কাছে তিনি ঘটনাটি শুনতে পান। তার প্রজেক্ট থেকে পুলিশি সহায়তায় দুটি ট্রাকে করে মোট ৮০০ বস্তা আলু নিয়ে গেছে নুরুন নবীর লোকজন। এ সময় এক হাজার খালি বস্তাও নিয়ে যায় তারা।
হিমাগারের মালিক নুরুন নবী জানান, দুই বছর আগে থেকে তিনি আবদুর রাজ্জাকের কাছে ৫ লাখ টাকা পাবেন। কিন্তু দীর্ঘ সময় টাকা না দেওয়ার কারণে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
হিমাগারের মালিক নুরুন নবী আলু প্রজেক্টের মালিক আবদুর রাজ্জাকের কাছ থেকে ৫ লাখ টাকা পাবেন বলে তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ৮০০ বস্তা আলু থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসায় বসার পর আলুর মালিক যিনি হবেন, তার কাছে তা ফিরিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
রাজশাহী,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
অর্থনীতি
৮০০ বস্তা আলু জব্দ করেছে পুলিশ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক কৃষকের ৮০০ বস্তা আলু মাঠ থেকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে একটি হিমাগারের মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর থানার পুলিশ আলুগুলো ট্রাকে ভরে থানায় নিয়ে যায়





