কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, জাল টাকা নিয়ে আতঙ্ক ততই বাড়ছে। কারণ কোরবানির পশুর হাট সামনে রেখেই সক্রিয় হয় জাল টাকা তৈরির চক্র।
পরিসংখ্যানে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন অভিযানে ধরা পড়া জাল টাকার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ১ হাজার টাকার নোট।
এ-সংক্রান্ত মামলা নিষ্পন্নের ক্ষেত্রে ধীরগতির কারণে জাল টাকা তৈরির কারিগররা উৎসাহিত হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। এ অবস্থায় কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা প্রতিরোধে বেশকিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যে দেখা গেছে, ব্যাংক কাউন্টার, নোট পরীক্ষণ হল ও ভল্ট পরিদর্শনে ১ হাজার টাকার নোটই জাল বলে ধরা পড়ছে বেশি। ২০১১ সালে ২১৩টি ১০০ টাকার নোট, ৪৭টি ৫০০ টাকার নোট ও ২৩২টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে। ২০১২ সালে ১০৩টি ১০০ টাকার নোট, ৩৪টি ৫০০ টাকার নোট ও ৪০টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে। ২০১৩ সালে তিনটি ১০০ টাকার নোট, ৩৩টি ৫০০ টাকার নোট ও ৫১টি ১ হাজার টাকার নোট জাল বলে ধরা পড়ে।
আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জাল টাকা উদ্ধারের পর এ নিয়ে করা মামলার খুব কমই নিষ্পত্তি হয়েছে। ২০১১ সালে ৫৯১টি মামলা হলেও নিষ্পত্তি হয় মাত্র ৭৭টি। এ সময় ৬ হাজার ৪৪২টি ১০০ টাকার নোট, ২ হাজার ৪৭৪টি ৫০০ টাকার নোট ও ২ হাজার ৬৪০টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে।
২০১২ সালে ৪৪৬টি মামলা হলেও নিষ্পত্তি হয় ৮২টি। এ সময় ধরা পড়ে ১০০ টাকার নোট ২ হাজার ৪৭১টি, ৫০০ টাকার নোট ১ হাজার ৬৬৬টি ও ১ হাজার টাকার নোট ৭ হাজার ২৫৯টি।
২০১৩ সালে ৩১১টি মামলা হয়, কিন্তু নিষ্পত্তি হয় ৯০টি। এ সময় ১ হাজার ৪৫১টি ১০০ টাকার নোট, ২ হাজার ৪৬টি ৫০০ টাকার নোট ও ৪ হাজার ৭৪৮টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে।
জানা গেছে, জাল টাকা তৈরির সঙ্গে জড়িতরা আটক হলেও স্বল্প সময়ে জামিনে বেরিয়ে আবার জড়িয়ে পড়ছে একই অপরাধে। জাল টাকার মামলার জন্য পৃথক কোনো আদালত না থাকায় মামলাও নিষ্পন্ন হচ্ছে না সহসাই।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল টাকা প্রতিরোধ কমিটির সভায় বারবার বিষয়টি তুলে ধরা হলেও নেয়া হচ্ছে না কোনো উদ্যোগ।
এদিকে আসন্ন কোরবানির পশুর হাটে জাল টাকা প্রতিরোধে বেশকিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সব পশুর হাটে জাল টাকা শনাক্তকারী মেশিন সরবরাহ করা হবে। প্রতিটি হাটে কোনো না কোনো ব্যাংক বুথ স্থাপন করবে। এছাড়া আসল নোটের বৈশিষ্ট্য-সংবলিত বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেয়া হবে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





