ইমেইলের মাধ্যমে মঙ্গলবার বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা ফিরে পেতে আরোপিত শর্ত পূরণে অগ্রগতির প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে।
বণিজ্য দপ্তর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ-ইউএসটিআর এ পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে কারখানার জন্য ৬৭ জন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পরিদর্শক পিএসসির মাধ্যমে আগামী জুনের মধ্যে  নিয়োগ দেয়া সম্ভব হবে। ইপিজেডে  ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়ার কথা উল্লেখ করে অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে- শ্রমিকদের মধ্যে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কারাখানার ভবন সম্পর্কিত নিরাপত্তা এবং ফায়ার সেফটি নিশ্চিত করতে আরো সময় প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তৈরি পোশাক শিল্প কারখানায় অগ্নিনির্বাপণ ঝুঁকি হ্রাস ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিল্ডিং কোড অনুযায়ী ভবন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ্রমিক অধিকার সুরক্ষায় ট্রেড ইউনিয়ন চালু, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ সমিতির সঙ্গে সমন্বয় করে শ্রম আইনের সংশোধন, ইউনিয়ন রেজিস্ট্রেশন, ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ, পোশাক কারখানার ডাটাবেজ বা মেট্রিক্স চালু, পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিষ্পত্তিসহ বিভিন্ন কাজের অগ্রগতি বিষয়ক তথ্য রয়েছে প্রতিবেদনটিতে।
জানা গেছে, বাংলাদেশকে জিএসপি ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জিএসপি প্রোগ্রাম নবায়ন না করা পর্যন্ত বাস্তবায়নকৃত যাবতীয় কাজের অগ্রগতি বিষয়ক রিপোর্ট দিয়ে যেতে হবে। কেননা, জিএসপি প্রোগ্রাম নবায়ন না করা পর্যন্ত এতে রিভিউয়ের কোনো সুযোগ নেই।
ফলে সার্বিকভাবে মার্কিন বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে বাংলাদেশের জিএসপি প্রাপ্তি অনেকটা অনিশ্চয়তার মধ্যেই থেকে গেল।
জানা গেছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের জন্যও মার্কিন বাজারে জিএসপি সুবিধা স্থগিত রয়েছে বলে জানা গেছে। জিএসপি নিয়ে যে প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের রয়েছে, সেটি কংগ্রেসে নবায়ন না করা পর্যন্ত বাংলাদেশকে জিএসপি ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে বাংলাদেশকে জিএসপি অ্যাকশন প্ল্যান অনুযায়ী বাস্তবায়নাধীন কাজের অগ্রগতিমূলক প্রতিবেদন ইউএসটিআরকে জমা দিয়ে যেতে হবে।
গত বছরের ১৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের জন্য তাদের জিএসপি প্রোগ্রামের মেয়াদ শেষ হয়। এর আগে ওই বছরের ২৭ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করা হয়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]