বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, তুরস্ক আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। সে জন্য তুরস্ক বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।

বুধবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই কথা বলেন।  সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী তুরস্কের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে তুরস্ক বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তুরস্ক বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে আরও অধিক পরিমাণে বিনিয়োগ করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তুরস্কের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে।

বাংলাদেশের পাটপণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় জানিয়ে গোলাম দস্তগীর বলেন, এ রপ্তানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে তুরস্ক। বাংলাদেশ ভবিষ্যতে আরও অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য তুরস্কে রপ্তানি করতে চায়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আগে থেকে নির্ধারিত ২০০ কোটি মার্কিন ডলার বাণিজ্যের লক্ষ্যমাত্র খুব সহজেই অর্জিত হতে পারে।

আঙ্কারায় ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পর বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নানের পরিচয়পত্র গ্রহণকালে তিনি এ কথা বলেন।

তুরস্কের সহায়তায় বাংলাদেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের দেয়া প্রস্তাবের কথা পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছে।

এমবি