ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ও অধীনস্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ব্রিটেন। আফ্রিকায় কয়েকটি দেশের কর্মকর্তাদের ঘুষ প্রদানের অভিযোগ ওঠার প্রায় দুই বছর পর এ তদন্ত শুরু হলো। খবর- রয়টার্স।

ব্রিটেনের সিরিয়াস ফ্রড অফিস (এসএফও) এক বিবৃতিতে জানিয়েছে, বিএটি ও তার সহযোগী সংস্থা ও ব্যক্তির ব্যবসায় দুর্নীতি সন্দেহে তদন্ত শুরু করেছে এসএফও। অন্য এক বিবৃতিতে টোব্যাকো জানিয়েছে, তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে।

টোব্যাকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে বিএটি একটি ল ফার্মকে নিয়োগ দেয়। বিএটি জানায়, কিছু অভিযোগের ব্যাপারে তারা অবগত রয়েছে এবং বিষয়টি তারা দেখছে। যেকোনো দুর্নীতির বিরুদ্ধে বিএটির জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

২০১৫ সালের নভেম্বরে বিবিসির একটি অনুষ্ঠানে জানানো হয়, বিএটির কর্মকর্তারা রুয়ান্ডা, বুরুন্ডিসহ পূর্ব আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদান করে ধূমপানবিরোধী আইন দুর্বল করার জন্য। বিবিসির সাবেক কর্মী পল হবকিনস সে সময় কিছু তথ্য প্রমাণও দেখান।

এমএনজে