পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি এ দুটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ফার কেমিক্যালের শেয়ারের দাম ছিল ৪৩ টাকা। গতকাল প্রতিষ্ঠানের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৯ টাকায়। এই হিসাবে নয় কার্যদিবসে মোট ১৬ টাকা বেড়েছে। অন্যদিকে নয় কার্যদিবসে শাহজিবাজার পাওয়ারের দাম বেড়েছে ২৮ টাকা। ১৫ জুলাই শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দাম ছিল ৩৬ টাকা ৫০ পয়সা, যা গতকাল দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়।

একটানা দর বৃদ্ধির বিষয়টি বিএসইসির নজরে আসায় কোম্পানি দুটির বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর