সরকারী বেসরকারী অংশীদারিত্বের (পিপিপি) আওতায় কক্সবাজারে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপনসহ চারটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে পিপিপি’র আওতায় কক্সবাজারে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন এবং কক্সবাজারে মোটেল উপল এর জমিতে একটি আন্তর্জাতিক মানের ট্যুরিজম কমপ্লেক্স স্থাপন, খুলনায় বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিতে একটি শপিংমল কাম গেস্ট হাউস নির্মাণ এবং মংলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ডেভলপার নিয়োগে রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন (আরএফকিউ) আহবান ছাড়া সরাসরি রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফিপি) প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরিত কক্সবাজারে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন প্রকল্পের সার-সংক্ষেপে বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় এ জোন তৈরি করা হবে। এর জন্য প্রায় ১ হাজার ১৬৫ একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে প্রায় ৯৩৭ একর খাসজমিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভূমি মন্ত্রণালয় সম্মতি দিয়েছে এবং সমুদ্র সৈকতের ১৩৫ একর বালুচর জমি আইনগত দিক পালনপূর্বক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ ট্যুরিস্ট জোনে প্রাথমিক বিবেচনায় একাধিক তারকামানের হোটেল, কটেজ, বীচ ভিলা, নাইট ক্লাব, কনভেনশন হল, এ্যামিজমেন্ট পার্ক ইত্যাদি পর্যটন সুবিধা রাখার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ক্ক্সবাজারে মোটেল উপল এর জমিতে একটি আন্তর্জাতিক মানের ট্যুরিজম কমপ্লেক্স স্থাপন প্রকল্পের সার-সংক্ষেপে বলা হয়েছে, ৫ দশমিক ৭৬ একর জমিতে বাস্তবায়নাধীন এ কমপ্লেক্সে ওয়াচ টাওয়ার, শপিং মল, ফুড কোর্ট, সিনেপ্লক্স, সুইমিংপুল ইত্যাদি পর্যটন সুবিধা থাকবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





