সাম্প্রতিক সময়ে কেনাকাটার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম অনলাইন। হেন জিনিস নেই যা এ মাধ্যমে বিকিকিনি হয় না। মানবজীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পণ্য ওষুধ। চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইনে এখন বিক্রি হচ্ছে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের ওষুধ।

বিজ্ঞাপনে বলা হচ্ছে, এসব ওষুধের কোনোটি মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে আবার কোনোটি অতিরিক্ত মেদ কমাতে সহায়তা করে। কিন্ত এগুলোর অধিকাংশ মানবদেহের মারাত্মক ক্ষতি করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী অনলাইনে বিক্রি হওয়া ৯০ শতাংশ ওষুধই ভুয়া ও নিম্নমানের। এসব ওষুধ কেনা থেকে সতর্ক থাকতে ভোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে ওষুধ বিক্রি করে রমরমা ব্যবসা করছে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিন্তু যেসব দেশে এসব ওষুধ বিক্রি করা হচ্ছে, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর অনুমতি ব্যতিরেকেই এমনটি করছে বলে অনুসন্ধানে জানা গেছে।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ড. আমিন হুসাইন আল আমিরি বলেন, ভোক্তারা ওষুধ প্রস্তুতকারী ও বিক্রয়কারীর পরিচয় না জেনেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধ কিনে তা সেবন করছে। ওইসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিচ্ছে না। ফলে

এসব ওষুধের মান পরীক্ষা সম্ভব হচ্ছে না; যা মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, চিকিত্সকের পরামর্শ ছাড়াই শুধু বিজ্ঞাপনের দ্বারা আকৃষ্ট হয়ে ভোক্তারা এসব ওষুধ সেবন করছে। এমন ওষুধ সেবনের ফলে লিভার, কিডনি, হার্ট ও ধমনি মারাত্মক ক্ষতির শিকার হতে পরে।

সূত্র: গালফ নিউজ।

ঢাকা, ২০ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর