রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের গুলশান ব্রাঞ্চের ম্যানেজার এস এম ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুরুতর ঋণ অনিয়মের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশ ব্যাংক বুধবার সকালে বেসিক ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কেন্দ্রীয় ব্যাংকে ডেকে নেয়।
জানা গেছে, সেখানে গুলশান শাখা ব্যবস্থাপকের ঋণ অনিয়মে সম্পৃক্ততার কথা জানানো হয়। একই সঙ্গে উপব্যবস্থাপক পদমর্যাদার এই কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়। বিকালে এস এম ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় এক দিন আগে অর্থাৎ গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একদল পরিদর্শক বেসিক ব্যাংকের গুলশান শাখায় আকস্মিক হাজির হন।
পরিদর্শকেরা কিছু কাগজপত্র উদ্ধার করে আনেন, যাতে প্রমাণ হয় শাখা ব্যবস্থাপক ভুয়া-অস্তিত্বহীন কম্পানিকে ঋণ দিতে প্রস্তাব পাঠিয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তা অনুমোদনও করে। অনুমোদনের পর দ্রুত তা বিতরণ করেন শাখা ব্যবস্থাপক।
এস এম ওয়াজিউল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]