ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ঘোষণা ও শ্রমিকদের বাড়ি যেতে দূরপাল্লার পরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুরে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে পোশাক করাখানার শ্রমিকরা।

শনিবার (০৮ মে) সকাল প্রথমে তারা মিরপুর ১৪ নম্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নেন শ্রমিকরা।

দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছে।

পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর এলাকার অধিকাংশ রাস্তায় যান চলাচল অচল হয়ে পড়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্য রওনা হন।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র পাঁচদিন বাকি রয়েছে। এখনো তাদের বেতন-বোনাস দেওয়া হয়নি। ঈদের বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন বোনাস দিলে ঈদ কেনাকাটা করা সম্ভব হবে না। ঈদের ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বাড়িতে গিয়ে ঈদ করা সম্ভব নয়। তাই ছুটি সাতদিন করার পাশাপাশি শ্রমিকদের বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও জানান, মিরপুরের প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিক এক হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, সকালে মিরপুর-১১ ও ১৪ এলাকায় শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা। তিনি আরও জানান, পোশাকশ্রমিকদের দাবি, ঈদের ছুটি বাড়াতে হবে। সরকারের নির্ধারিত তিন দিনের ছুটি তারা মানেন না।

এমবি