দেশের ব্যাংকগুলোতে সাইবার নিরাপত্তা সম্পর্কে খুবই ভালো ধারণা রয়েছে মাত্র ৪ শতাংশ কর্মকর্তার। এছাড়া কিছুটা ভালো ধারণা ১০ শতাংশ এবং মোটামুটি ধারণা রয়েছে ১৬ শতাংশ ব্যাংক কর্মকর্তার।
রাজধানীর মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’ শীর্ষক কর্মশালায় প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইবার নিরাপত্তা সম্পর্কে দেশের ৫০ শতাংশ ব্যাংক কর্মকর্তাই অজ্ঞ- যার মধ্যে ২৮ শতাংশ খুবই এবং ২২ শতাংশ কিছুটা কম। এছাড়া সামান্য ধারণা রয়েছে ২০ শতাংশ কর্মকর্তার।
২১টি ব্যাংকে এক জরিপ চালিয়ে এ প্রতিবেদনটি তৈরি করেছে বিআইবিএম। যার মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৩টি এবং বিদেশী ব্যাংক ৩টি।
বাংলাদেশের ৫৭টি ব্যাংকে প্রায় ২ লাখ কর্মকর্তা রয়েছে। গ্রাহকদের মধ্যেও একই জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহক সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞ।
প্রতিবেদনের তথ্যমতে ৯০ শতাংশ ব্যাংক কর্মকর্তা জানিয়েছে, ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি বাড়ছে। ব্যাংকিং খাতের তথ্য নিরাপত্তার বাধায় আরও কিছু কারণ রয়েছে। এগুলো হল- নতুন প্রযুক্তি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের জানাশোনার অভাব, গ্রাহকদের অসচেতনতা, ব্যাংকগুলোর বাইরের আইটি প্রতিষ্ঠানগুলোর ওপর অতি নির্ভরশীলতা, ব্যাংকিং খাতে আইটি এক্সপার্টের অভাব, প্রশিক্ষণ না থাকা এবং বাজেটের স্বল্পতা থাকার কারণে ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি বাড়ছে।
এসকে সুর বলেন, সাইবার নিরাপত্তার জন্য গত কয়েক বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। প্রতিবছর আইটি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ বাবদ আরও দেড় হাজার কোটি টাকা খরচ হচ্ছে। দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নিরাপত্তার মানে পৌঁছতে পারেনি। এ কারণে ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি এখনও রয়েছে।
তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণ প্রায়ই ঘটছে এবং সেগুলো খুব বড় ধরনের ও জটিল। আর্থিক খাতের পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। এ অপরাধীরা সাইবার আক্রমণ করে বড় অংকের তহবিল হাতিয়ে নিচ্ছে এবং এটিএম জালিয়াতির মতো ঘটনা ঘটাচ্ছে।
বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী বলেন, সাইবার ঝুঁকিকে অবহেলা করার সুযোগ নেই। এ ধরনের একটি বড় ঝুঁকি ব্যাংকিং খাতে থাকলেও ব্যাংকিং খাতে দক্ষ কর্মীর অভাব রয়েছে।
তাই ভারতের মতো আলাদা প্রতিষ্ঠান গড়ে ব্যাংকারদের প্রশিক্ষণ দিতে হবে। তা না হলে আরও ঝুঁকিতে পড়বে বাংলাদেশের ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক দেবদুলাল রায় বলেন, সাইবার নিরাপত্তার বিষয়ে গাইডলাইনে বেশকিছু পরিবর্তন আনা হবে। আইটি নিরাপত্তা জোরদারে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
জেড





