বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ১৪৬ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে, যদিও আগের ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৩ হাজার ৬০ ডলারে পৌঁছেছিল, যা গত ৩০ জানুয়ারির পর সর্বোচ্চে।

একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ১৬৭ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এরআগে গত মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৪১ দশমিক ৭৪ ডলারে নেমে আসে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ফলে ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক তার কর্তৃত্বের বাইরে চলে গেছে। এরপরই ডলারের দরে পতন শুরু হয়, যার ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলি আরও সাশ্রয়ী হয়ে তুলনামূলক হয়ে উঠেছে। এতে বিনিয়েগিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁকও বেড়েছে।

এদিকে শুল্ক বাতিল সংক্রান্ত মার্কিন আদালতের সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন অনেক ব্যবসায়ীরা। যদিও ট্রাম্প আদালতের সমালোচনা করে এবং আমদানির উপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে - আইনের অধীনে অনুমোদিত সর্বোচ্চ স্তর এবং প্রায় ২০টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বহাল রাখার ওপর জোর দিয়েছেন।

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুতেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সোমবার স্পট সিলভারের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে, যা দুই সপ্তাহেরও বেশি সময়ের সর্বোচ্চ। স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ১৬৩ দশমিক ৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৯ দশমিক ৮১ ডলারে লেনদেন হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের পৌঁছেছিল স্বর্ণের দর, আর রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে ছুঁয়েছিল রুপা।

সূত্র: রয়টার্স

এস