চলতি অর্থবছরের জানুয়ারি-জুন ২০১৪ মুদ্রানীতি সোমবার ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে এবারের মুদ্রানীতির কৌশল নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য বছরের ন্যায় এবছরও গভর্নর ড. আতিউর রহমান দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যাংকার, প্রাক্তন গভর্নর, প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক/কলামিষ্ট, সাবেক অর্থ উপদেষ্টা, প্রাক্তন সচিবসহ মুদ্রানীতি সংশ্লিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত, পরামর্শ ও তাদের সাথে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন।
গত শনিবার এক সম্মেলনে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানায়, জিডিপি প্রবৃদ্ধি পুনরুদ্ধারই আগামী ছয় মাসের জন্য দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যদিও আগের বছরগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ঋণ বা নগদ অর্থের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব কাটাতে এবার সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। ফলে এবারের মুদ্রানীতিতে বাজারে মুদ্রার প্রবাহ বাড়ানোর উপায় থাকবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত বছরের ২৫ জুলাই গড় মূল্যস্ফীতি (পুরনো ভিত্তি বছর অনুসারে) সাত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, এর আগে প্রতি বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করা হলেও ২০০৬ সাল থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়ন করে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা, এমআর, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এআর
অর্থনীতি
মুদ্রানীতি ঘোষণা সোমবার
চলতি অর্থবছরের জানুয়ারি-জুন ২০১৪ মুদ্রানীতি সোমবার ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন।





