সরকারি কর্মচারীদের আবাসক সংকট কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আজিমপুর ও মতিঝিল কলোনিতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এছাড়া আরও ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ হাজার ৩৮৩ কোটি ৪৮ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৪৯৭ কোটি ৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬ কোটি ৭১ লাখ টাকা টাকা ব্যয় করা হবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে—আজিমপুর সরকারি কলোনিতে আবাসিক ভবন নির্মাণ, ব্যয় ধরা হয়েছে ২২০কোটি ৪৫ লাখ টাকা; মতিঝিল কলোনিতে আবাসিক ভবন নির্মাণ, বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭৬ কোটি ৪২ লাখ টাকা; পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের জন্য সুইচিং স্টেশন নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ৫৮ লাখ টাকা; বাংলাদেশ রেলওয়ের জন্য তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্প (সংশোধিত), ব্যয় হবে ১ হাজার ১০৬ কোটি ৮০ লাখ টাকা যার মধ্যে সরকারি তহবিলের ২০৪ কোটি ১৭ লাখ এবং বৈদেশিক সহায়তা ৯০২ কোটি ৬৩ লাখ টাকা; ইমপ্রুভমেন্ট অব রোড সেফটি অ্যান্ড ব্লাক স্পট অব ন্যাশনাল হাইওয়ে, এর ব্যয় ১৬৫ কোটি টাকা; মতলবে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ, ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬১ লাখ টাকা; হাওর অঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৩৮ লাখ টাকা যার মধ্যে সরকারি তহবিলের ৩৯৮ কোটি ৯২ লাখ ও বৈদেশিক সহায়তা ৫৯৪ কোটি ৪৬ লাখ টাকা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের জন্য ভ্রাম্যমান লাইব্রেরি নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৪ লাখ টাকা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৪ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর