তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক সংহিসতার কারণে গত ১২ দিনে পোশাক শিল্পে ক্ষতি হয়েছে সাড়ে ৪০০ কোটি টাকা।
সোমবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলাম।
এ সময় তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অশনিসংকেতের আশঙ্কা প্রকাশ করেছেন।
আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি চলমান অবস্থায় থাকলে অর্থনীতির চাকা সচল রাখা কঠিন হয়ে পড়বে। পোশাক শিল্প পণ্য লোকালে থাকে না, এটা আন্তর্জাতিক ব্যবসা। ক্রেতারা এমন পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে ক্রেতারা অন্য দেশে চলে যাবে।
তিনি বলেন, রাজনৈতিক অচল অবস্থার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ পোশাক শিল্প। যা একটি রুগ্ন শিল্পতে পরিণত হবে। আমাদের উৎপাদন খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। অন্য দেশে কমে যাচ্ছে। গত বছরের উৎপাদন ধরে রাখতে এখন কষ্ট হচ্ছে। আমরা ক্রেতাদের এ দেশে আসতে বললেও তারা অবরোধের কারণে আসতে অনিচ্ছা প্রকাশ করছে।
তাই রাজনীতিবীদদের প্রতি আহ্বান, দয়া করে পোশাক শিল্পের কথা ভাবুন। পোশাক শিল্পের ঘাড়ে পা দিয়ে আপনারা রাজনীতি করবেন কেন ? নিজেদের মধ্যে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করুন।
এমকে





