খুলনা আটরা শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের মালিকানা হস্তান্তরের প্রতিবাদ, বকেয়া বেতন এবং মিল চালুর দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তারা অবরোধ করেন। অবরোধ চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিলের শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা–যশোর মহাসড়ক ও রেলপথে গিয়ে অবস্থান করেন।

ফলে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। একই ভাবে খুলনার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ কর্মসূচির পাশে পুলিশ অবস্থান করছে।

আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও মিল সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালু করতে হবে। অন্যথায় প্রতিটি শ্রমিক আমৃত্যু আন্দোলন চালিয়ে যাবে। এবার যেমন নতুন করে রেলপথ অবরোধ করা হলো প্রয়োজনে এরপর খুলনা অবরোধ ঘোষণা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত রয়েছেন— আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও মিল সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিবিএর সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, আব্দুল হামিদ সরদার, হাফেজ আব্দুল সালাম, আমিনুল ইসলাম, মো. আকবার আলী প্রমুখ।

এর আগে ২০ জানুয়ারি শ্রমিকরা সড়ক অবরোধ করেন। ২০১৫ সালের আগস্ট মাস থেকে আলিম জুট মিলের শ্রমিকরা লাগাতার এ কর্মসূচি পালন করে আসছেন।

এমকে