তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে।
মন্ত্রী আজ এক বার্তায় বলেন, এ বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি উল্লেখ করেন, 'অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।'
বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এই সফলতার পেছনে অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই।'
মন্ত্রী আরও জানান, 'এই অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনায়। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।'
এনএইচ