বয়স জালিয়াতির ওই তথ্য নিশ্চিত হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। প্রাদেশিক ক্রিকেট সংস্থাটি প্রাক-মৌসুম কার্যক্রমের অংশ হিসেবে ক্রিকেটারদের নথিপত্র যাচাই করার সময় রোহিতের বয়সে অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাকে ভারত অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচে খেলা হবে না রোহিত যাদবের।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বয়সভিত্তিক পর্যায়ে বেঙ্গল দলের প্রতিনিধিত্ব করা রোহিতের দেওয়া বয়সের সঙ্গে ২৭ মাসের গরমিল পাওয়া গেছে। পরে সিএবির দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআই–এর আওতাধীন সমস্ত রাজ্য সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হচ্ছে। এমন আরও ৬৪ জনের বয়স জালিয়াতির তথ্য শনাক্ত করেছে পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থাটি।
ওই তালিকায় রয়েছে ভারতের অ-১৯ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রবি কুমারও। ২০২২ যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পথে বাঁ-হাতি এই পেসার ৩৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে সর্বশেষ বেঙ্গল দলের হয়ে খেলা রবি কুমারের দেওয়া বয়সের সঙ্গে মূল নথির পার্থক্য ৪০ মাসের। ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার দেওয়া সকল বয়সভিত্তিক তথ্যই এখন অবৈধ!
বয়স জালিয়াতির পর বিশ্বকাপও জিতেছেন রবি কুমার (বামে), নতুন করে একই সমস্যা ধরা পড়ায় রোহিত যাদব নিষিদ্ধ হলেন
অতীতে বিসিসিআই বিভিন্ন উপায়ে বয়স সংক্রান্ত জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা মোকাবিলার চেষ্টা করেছিল। ২০২০ সালে নিয়ম লঙ্ঘনকারীদের জন্য শাস্তির বিধানসহ একটি সাধারণ ক্ষমা বা ‘অ্যামনেস্টি’ স্কিম প্রস্তাব করা হয়েছিল। এর আওতায় নিবন্ধিত খেলোয়াড়রা স্বেচ্ছায় কোনো অসঙ্গতি বা ত্রুটি স্বীকার করে এবং নিজেদের প্রকৃত জন্মতারিখ জানিয়ে সাময়িক নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেতে পারতেন। তবে নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতো।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের জন্মসনদের পাশাপাশি স্কুল বা কলেজের শিক্ষাজীবন সংক্রান্ত যত বেশি সম্ভব নথিপত্র জমা দিতে হয়। তা সত্ত্বেও বেঙ্গল ক্রিকেট সংস্থায় ৬৪ জনের বয়সে গরমিল পাওয়ার বিষয়টি বিস্ময়কর বটে!
এমএম