দেশের বাজারের উচ্চমূল্য কমাতে অবশেষে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করেছে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশে প্রবেশ করবে ভারত থেকে আমদানীকৃত কাচামরিচ।

বাংলাদেশের ভোমরা ও সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে এ কাঁচামরিচ আমদানি হচ্ছে।

৯ আগস্ট (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৯ আগস্ট) ভোমরা স্থল বন্দর দিয়ে ২ ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

আরও ১২ ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসকল কাঁচামরিচ আমদানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোনা মসজিদ স্থল বন্দর দিয়েও ৩ টি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করছে।

এরমধ্যে

মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ মেট্রিক টন,
মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং
মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন
ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু করছে।

সরকার কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এইচএন