ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল স্তরের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রায় ঘণ্টাকালব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কর্মচারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হল কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ করণ, আপগ্রেডের নীতিমালায় পদোন্নতিদান, মৃত কর্মচারীদের পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, কর্মচারীদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান ও বিনা বেতনে কর্মরত কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ।

মানববন্ধন থেকে দাবি মানার জন্য বিশ্ববিদ্যালয় ভিসিকে এক সপ্তাহ আল্টিমেটাম দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে তাদের দাবিসমূহ মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহায়ক কর্মচারি ইউনিটের সাভাপতি মোঃ ওকিল উদ্দীন সাধারণ কর্মচারী ইউনিটের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সহায়ক কর্মচারী ইউনিটের সাধারণ সম্পদক ওলিউর রহমান, সাধারণ কর্মচারী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালসহ সকল স্তারের কর্মচারীবৃন্দ। অবিলম্বে কর্মচারীদের এ ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ভিসির প্রতি আহবান জানান।

কেএইচ