পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক আদিবাসী শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান সিন্ডিকেট সদস্য সচিব আবু বকর সিদ্দিক।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইসলাম বিজয়, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিস ইমতিয়াজ,
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগ কর্মী রাকিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের আব্দুর রহমান ইফতি এবং নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের নুরুল কবির।
আবু বকর সিদ্দিক বলেন,পহেলা বৈশাখে ছাত্রী লাঞ্ছনা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় থেকে তাদের চিরতরে বহিষ্কার করা হয়েছে।
বিচারে সন্তেুাষ প্রকাশ করে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী আব্দুল খালেক উজ্জ্বল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে আমরা খুবই সন্তুষ্ট। আমরা উপযুক্ত বিচার পেয়েছি। আমাদের আন্দোলন সফল হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল অভিযুক্ত ৫ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে শাখা ছাত্রলীগ।
উল্লেখ্য, গত পহেলা বৈশাখের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহপাঠীর সঙ্গে হলে ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
পরে যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন।
এআর





