বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে তাদের প্রস্তাবনা তুলে ধরা হয়। এসময় প্রস্তাবনাগুলো পাঠ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
ছাত্রদলের প্রধান প্রস্তাবনাগুলো হলো-
১। ‘ভোটার ও প্রার্থী’ হওয়ার ক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ‘ভোটার ও প্রার্থী’ হওয়ার ক্ষেত্রে বয়সীমা সুনির্দিষ্টভাবে ৩০ বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ‘ভোটার ও প্রার্থী’ হওয়ার বিষয়ে প্রস্তাব।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় ও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক-অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা।
৩। ডাকসুকে সর্বদা ঢাবি শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক অধিকার, আইনি সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা, যাতে শিক্ষার্থীরা তাদের অধিকার যথাযথভাবে চর্চা করতে পারে এবং ভুয়া খবর ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। এছাড়া, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস সৃষ্টি এবং শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল মূল্যবোধ গঠনে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, কাউন্সিলিং এবং অন্যান্য সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণ করা।
৪। ঢাবি উপাচার্যকে আহ্বায়ক করে, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, সিন্ডিকেট, অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডাকসুর নির্বাচিত সহ-সভাপতিকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন।
৫। ডাকসুর সভাপতি পদে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে।
৬। নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য মোট দুইটি সহ-সভাপতি এবং দুটি সহ-সাধারণ সম্পাদক পদে আলাদা নির্বাচনের প্রস্তাব।
৭। ডাকসুর নির্বাহী কমিটিতে মানবাধিকার ও আইনবিষয়ক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিবিষয়ক, গবেষণা ও উন্নয়নবিষয়ক ও কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সম্পাদকসহ ৫টি নতুন সম্পাদক পদ রাখার প্রস্তাব দিয়েছে ছাত্রদল।
৮। ডাকসুর কোষাধ্যক্ষ পদটিতে উপাচার্যের এক শিক্ষক মনোনয়নের নিয়ম পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি শিক্ষার্থীদের ভোট প্রদান।
৯। মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ২৪ এর গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদকে রূপান্তরকরণ।
১০। ডাকসুর নির্বাহী কমিটিতে ১৩টি পদ বর্ধিতকরণ ও প্রত্যেক সম্পাদকের সাথে ডেপুটি সম্পাদক নিয়োগ।
এইচআর





