ছাত্রলীগ কর্মী সজিব ও তার সহযোগী কর্তৃক সাংস্কৃতিক কর্মী ও গণশিল্পী সংস্থার সাবেক সভাপতি বাসুদেব রায়ের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৌন র‌্যালী ও অবস্থান কর্মসূচিসহ প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

কর্মসূচির শুরুতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জোটের টেন্ড থেকে র‌্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে এক সংক্ষিপ্ত সমাবেসে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি কনিকা গোপের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণশিল্পী সংস্থার সভাপতি আনোয়ার হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ কারণে ছাত্রলীগ কর্মী সজিব ও তার সহযোগীরা গণশিল্পী সংংস্থার কার্যালয়ে ঢুকে সাবেক সভাপতি বাসুদেব রায়কে দরজা বন্ধ করে পিটিয়ে রক্তাত্ব করে। এভাবে সাংস্কুতিক কর্মীর উপর হামলা চলতে থাকলে একসময় সাংস্কৃতিক আন্দোলন আমাদের সমাজ থেকে মুছে যাবে।

তারা প্রশাসনের নিকট এই বর্বর হামলার বিচারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন ধরনের প্রতিবাদি সঙ্গীতের মাধ্যমে এই হামলার প্রতিবাদ জানান।

পরে তারা দুই দফা দাবি নিয়ে প্রো-ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে। দাবি সমূহ হলো-

২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগ কর্মী সজিব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিলসহ গ্রেফতার করতে হবে এবং সাংস্কৃতিক কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসএইচ