ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) রাতে ঢাকা সেনানিবাসে এই ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম মুশফিক মাহবুব (২৪)।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। তাঁর বাবা শফিকুল হায়দার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
এবিষয়ে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তারা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। যোগাযোগ করা হলে আইএসপিআর মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা বলেছে, ছাদ থেকে পড়ে মারা গেছেন মুশফিক মাহবুব।
মুশফিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যান মুশফিক। এরপর অনেকক্ষণ ফিরে না এলে তাঁর বাবা বাসার ছাদে উঠে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁর লাশ ৮তলা বাসার নিচে পড়ে থাকতে দেখেন।
পরে লাশ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেনানিবাসে তাঁর জানাজা হয়। বন্ধুরা জানিয়েছেন, তাঁর লাশ কুড়িগ্রামে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, মুশফিক বিজয় একাত্তর হলের অনাবাসিক ছাত্র ছিলেন। বিভাগের মাধ্যমে মৃত্যুর খবরটি তিনি জেনেছেন।
এমবি





