বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসি থাকলেও নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পূর্ণাঙ্গ টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়ামের অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেমিনার, বিতর্ক, সম্মেলন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এসব স্থাপনার প্রয়োজনীয়তার বিষয়টি বিভিন্ন সময়ে সামনে এসেছে।
এদিকে চাকসু নির্বাচনের সময় শিবির সমর্থিত প্যানেল ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারের ২৭ দফায় ছিল টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ। তবে প্রতিশ্রুত এ ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি ফলে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা রকম আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ গুরুত্বপূর্ণ। এসব স্থাপনা নির্মিত হলে সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চার পাশাপাশি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও সুদৃঢ় হতো।
এ বিষয়ে আসিফ মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে টিএসসি নেই। যে কারণে ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মেলবন্ধনের কোনো সুযোগই আমাদের হয় না। চাকসুর নির্বাচনি ইশতেহারে টিএসসি নির্মাণের কথা থাকলেও এটার বাস্তবায়নে কোনো কাজ দেখা যায়নি। এটা নিয়ে কাজ করাটা জরুরি।
আরেক শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টিএসসি থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নেই। তাছাড়া কোনো প্রোগ্রাম করার জন্য সেন্ট্রাল অডিটোরিয়াম নেই। বিভিন্ন অনুষদের অডিটোরিয়ামে গিয়ে প্রোগ্রাম করতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি ইব্রাহিম রনি জাগো নিউজকে বলেন, ‘টিএসসি এবং সেন্ট্রাল অডিটোরিয়ামের বিষয়টি নিয়ে নির্বাচনের আগেও আমাদের গুরুত্ব ছিল, এখনো আছে। গত কার্যনির্বাহী মিটিংয়েও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উপাচার্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া সফরে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে সেন্ট্রাল অডিটোরিয়াম এবং টিএসসি থাকা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে টিএসসি থাকলে সরাসরি ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে আড্ডা হয়। এতে সম্পর্ক গভীর হয়। আমি প্রশাসনে নতুন এসেছি, তাই বেশি কিছু বলতে পারছি না। তবে বিষয়গুলো নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলব।’
এমএম