শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে বলে।
সচিবালয়ে নিজ দফতরে রোববার শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১০, ১১ বা ১২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করার জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। আগামী ১৫ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
গত ৩ এপ্রিল দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ১০ জুনের এইচএসসি ও ডিআইবিএসের (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





