বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে এ তথ্য জানান সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন শেষে আমরা কার্যনির্বাহী কমিটির কাজ শুরু করেছি। ছাত্র-ছাত্রীদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—তাদের ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে ই-কারের ব্যবস্থা করা হবে। আশা করছি, মাসখানেকের মধ্যেই এটি বাস্তবায়ন করা যাবে।”
রুয়ার সভাপতি আরও জানান, শিক্ষার্থীদের প্রয়োজন এবং অ্যালামনাইয়ের সামর্থ্য বিবেচনায় ই-কারের সংখ্যা নির্ধারণ করা হবে। ই-কার চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছে এবং সে বিষয়ে সাব-কমিটি গঠিত হয়েছে।
এ নিয়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, “রুয়া এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বাস্তব সুবিধা তৈরি করছে। আমরা পরিকল্পনা করছি ক্যাম্পাসে রুট ব্যবস্থা করে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ই-কার চালানো হবে। মেট্রোর মতো প্রতি ৩ মিনিট পরপর একটি ই-কার শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।”
তিনি আরও জানান, পুরো কার্যক্রম একটি অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেমে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা নিকটবর্তী ই-কারের অবস্থান জানতে পারেন। প্রাথমিকভাবে আগামী মাস থেকেই ১৫টি ই-কার চলাচল শুরু করবে বলে রুয়া জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রুয়ায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।
এনএইচ