বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে সাফল্য বয়ে আনছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসি ও এইএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থী এবং তরুণ লেখকদের সংবর্ধনা অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী।
এছাড়া এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াছ খান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর সেরা মেধাবী কিন্তু এখনো তাদের আমরা মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারিনি।
তবে শিক্ষা ব্যবস্থাকে মানসম্পন্ন করতে সরকার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে দেশের অনেক স্কুল কোরিয়ান স্ট্যান্ডার্ডে ডিজিটালাইজড করা হয়েছে। সেখানে আমরা কম্পিউটার ল্যাব করে দিয়েছি। পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে।
মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের সঠিক পন্থায় নিজেদের তৈরি করার আহ্বান জানিয়ে সকল সহযোগিতার আশ্বাস দেন।
ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সত্যের উপরে সারা পৃথিবীতে আঘাত আনা হচ্ছে। ফলে সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। সাংবাদিক, সম্পাদক কথাগুলো আসলেই সেখানে সত্য, কিন্তু সত্য বিষয়টিই চলে আসে। প্রয়োজনে সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





