আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা ও লোক প্রশাসন বিভাগের ৫ম ব্যাচের ছাত্র রেজা এলাহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত পৌনে ১২টা থেকে গভীর রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে। সোমবার সকালেও ক্যাম্পাসে উত্তেজনা দেখা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম সমর্থিত মাসুম গ্রুপ ও ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন সবুজ সমর্থিত ইলিয়াছ গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে রবিবার রাত পৌনে ১২টা থেকে গভীর রাত পর্যন্ত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলা চালিয়ে ছাত্রদের মারধর ও শতাধিক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটানো হয়।
এ ঘটনায় সোমবার সকাল ১০টা থেকে দফায় দফায় ক্যাম্পাসে শোডাউন, প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও প্রধান ফটকে তালা দিয়েছে ইলিয়াস গ্রুপ।
এদিকে গুলি বিনিময়ের কথা অস্বীকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম বলেন, ‘দীর্ঘদিন ধরে কুবির শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ চিনতাইসহ শিক্ষার্থীদের মারধোর করে আসছে এলাকাবাসী। রবিবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে তার জবাব দিতে গেলে এলাকাবাসীর সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এতে কোনো প্রকার গুলি বিনিময় হয়নি।’
ছাত্রলীগের ইলিয়াছ গ্রুপের প্রধান ইলিয়াছ হোসেন সবুজ বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মাসুম গ্রুপের ক্যাডাররা ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলা চালিয়ে ছাত্রদের মারধর ও ৫টি রুমে ভাঙচুর করে। এতে আমার সমর্থিত ১০ জন আহত হন। আমি অতিশিগগিরই ২০১২ সালে ঘোষিত ৯০ দিনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘আমি রাতে ফোন পেয়ে ধীরেন্দ্রনাথ দত্ত হল পরিদর্শন করেছি। এ সময় ভাঙচুরের আলামত দেখতে পেয়েছি। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে সদর দক্ষিণ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) বদরুল জানান, ক্যম্পাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





