গত ২০ নভেম্বর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
এই সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী সুমন দাস নিহত এবং প্রক্টর ড. হিমাদ্রি শেখর রায়সহ কমপক্ষে ২০ জন আহত হন।
ওইদিন বিকেলেই শাবিপ্রবির বিশেষ সিন্ডিকেট সভায় ভৌত বিজ্ঞান অনুষদের ডিন ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।
শাবিপ্রবি প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রথম সভা আহ্বায়ক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, ঘটনার দিন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ, বিবাদমান ছাত্রবৃন্দ, ভিডিও’র মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে চিহ্নিত ঘটনার সঙ্গে জড়িত ছাত্রবৃন্দ, হল প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কর্তব্যরত চিকিৎকগণ, ক্ষতিগ্রস্ত ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পরিবারের সাক্ষাতকার গ্রহণ করা হবে।
এ ছাড়াও সভায় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে তথ্য-উপাত্ত দেওয়ার আহ্বান জানানো ও শাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঘটনার বিষয়ে কিছু জানা থাকলে ৩ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে লিখিতভাবে জানানোর বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





