চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৭ আগস্ট দুপুর ২টা থেকে।
২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তা চলবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিবিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২৩ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd এ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।
এমএনজে





