ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পুকুরের পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মেহফুজ হায়দার রাহি (২১)।

 

বুধবার বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে।

 

নিহত রাহি ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার মতি মিয়ার ছেলে।

 

জানা গেছে, রাহি ফজলুল হক হলের ৪০১৩ রুমে থাকতেন। বৃহস্পতিবার তাদের হলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে হল এলাকায় আল্পনা আঁকার কাজ করছিলেন। আল্পনা শেষে রাহি পুকুরে গোসল করতে নামে। কিন্তু পুকুরপাড়ের সিঁড়ি পিচ্ছিল থাকায় রাহি সেখান থেকে সিটকে পড়ে পুকুরের পানিতে ডুবে যান।

 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে রাহির মরদেহ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএইচ