রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহাদাত হোসেন (২৪) নামের এক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্ব মহল।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অকাল এ মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শাহাদাতের পরিবার ও বন্ধুমহলে। দীর্ঘদিন থেকে তিনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন।
মেধাবী ছাত্র শাহাদত হোসেন রংপুরের পীরগঞ্জ উপজেলার পান বাড়ি গ্রামের মালদ্বীপ প্রবাসী রুহুল আমিন প্রধানের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী তিনি।
বিভাগ সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার চতুর্থ বর্ষে চূড়ান্ত পরীক্ষা চলছিল। তিনি দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
শাহাদাতের সহপাঠী রাকিবুল বলেন, ‘চার বছর আগে থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছিল সে। তখন থেকেই চিকিৎসা নিয়ে আসছিল শাহাদাত। গত ৭ জানুয়ারি রামেক হাসপাতালে তার অপারেশন করানো হয়। এরপর থেকে পরিবারসহ নগরীর বিনোদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল। গত শুক্রবার থেকে হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করলে ফের তাকে রামেক হাসপাতালে ভর্তি করানো হয়। আজ (রোববার) ভোরে হাসপাতালেই সে মৃত্যুবরণ করে।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমি হাসপাতালেই আছি। শাহাদতের লাশ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রাশেদ/জেড





