বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভজোতি ঠীকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় ছাত্রলীদের সদস্য সাইদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ সবসময় অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। শেখ মুজিবর রহমানকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিলো, কিন্তু পরে ঠিকই তিনি তাঁর সম্মান ফিরে পেয়েছিলেন।
বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবৈধ ভাবে বহিষ্কার করায় প্রতিবাদ জানিয়ে বলেন, আর কোনো ছাত্রলীগের কর্মীর উপর অন্যায়-অবিচার করা হলে ছাত্রলীগ তার দাঁতভাঙ্গা জবাব দিবে। সমাবেশ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি আসাদুজ্জামান নিউটন, ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সাদ্দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম হিমু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ প্রমুখ।
কেএইচ





