সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মমতাজ শামীম। তিনি ইডেন মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নতুন পদে দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক মমতাজ শামীমের বাড়িও সিলেটে। তার বাবা মোহাম্মদ মোজাক্কির সমবায় বিভাগের যুগ্ম-নিবন্ধক (অবসরপ্রাপ্ত) ছিলেন। রোববার থেকে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
মমতাজ শামীম বিসিএস (শিক্ষা) সপ্তম ব্যাচে নির্বাচিত হয়ে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনা করেন। সর্বশেষ ইডেন মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে কর্মরত ছিলেন তিনি।
২০০৪ সালে ‘শিক্ষা, প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ এবং ইউনেস্কো আয়োজিত সার্কভূক্ত দেশ সমূহের জন্য ‘জনসংখ্যা শিক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ পাকিস্তানের ইসলামাবাদে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও তিনি ব্যক্তিগত ও পেশাগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইলেন্ড, সিংগাপুর ও কানাডাসহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন।
এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ কপি এখনো পাইনি।
এমকে





