জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সালাম বরকত হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শামীমকে মারপিট করেছে আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা।

মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত শামীম (প্রাণিবিদ্যা, ৪০তম ব্যাচ) জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল গ্রুপের নেতা। হামলাকারীরা সভাপতি মাহমুদুর রহমান জনি গ্রুপের জুনিয়র নেতা-কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক গ্রুপের সহ-সভাপতি শামীম (প্রাণিবিদ্যা, ৪০তম ব্যাচ) হেঁটে যাচ্ছিলেন। এসময় সভাপতি গ্রুপের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে আসার সময় শামীমকে ধাক্কা দিলে তিনি উত্তেজিত হয়ে তাদের দুজনকে থাপ্পড় দেন। এ ঘটনায় তারা প্রতিশোধ স্বরূপ শামীমকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেঁটে যায়। আহত শামীমকে জাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল গ্রুপ রামদা, লোহার রড, পাইপ নিয়ে শহীদ সালাম বরকত হলের সামনে পাল্টাপাল্টি অবস্থান নেয়।

এদিকে ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি ও তার গ্রুপ হলের ভেতরে ব্যপক প্রস্তুতি নেয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পরে ভিসি ড. ফারজানা ইসলাম ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত মীমাংসা হয়। বর্তমানে ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ