ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হককে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভাগে তার জন্য বরাদ্দ কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। শিক্ষক আকিবকে ‘মূল্যবোধের অবক্ষয়ের’ কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন ওয়াদুদ।

এরআগে গত মঙ্গলবার একই অভিযোগে এডুকেশনাল ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে এক বছরের জন্য সব ধরনের একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শনিবার প্রভাষক উম্মে কাওসার লতাকে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষের তালা ভেঙে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আকিব উল হকের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাহমিনা সুলতানা ছুটির দিনে বিভাগীয় কক্ষে শিক্ষাচর্চার পরিবর্তে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে স্বামী ও ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ভিসি, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরারব তাহমিনা সুলতানা এ আবেদন জানান।

এরপর প্রথমে এডুকেশনাল ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে শাস্তি দেওয়া হয়। আজ শিক্ষক আকিব উল হককে শাস্তি দেওয়া হলো।