বিরতিহীনভাবে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, 'একটি মহল পরীক্ষায় কোনো গ্যাপ থাকবে না বলে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদেরকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদেরকে রাজপথে নামাতে চেষ্টা করছে। এতে আমাদের শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে।'

বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে প্রশিক্ষাণার্থী শিক্ষকদের সাথে এক সভায় তিনি এসব কথা বলেন।

কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বিষয়ক তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তির উচ্চমানের ব্যবহারসহ কয়েকটি সুপারিশ করেছে। কমিটি সেইসঙ্গে তিন মাসব্যাপী এসএসসি পরীক্ষা গ্রহণের সময় কমিয়ে আনার কথা বলেছে। তারা ক্লাস ও পড়াশোনার সময় বৃদ্ধি ও দীর্ঘদিন পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে আবদ্ধ করে না রাখার লক্ষ্যে দিনে দু’পেপার বা বিরতিহীন বা অন্যভাবে সময় কমানোর পরামর্শ দিয়েছেন। কমিটির রিপোর্টের সব সুপারিশই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দু’পেপার পরীক্ষা দিতে অভ্যস্ত নয়, তারা মাঝে মাঝে গ্যাপ দিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত। রুটিন করার সময় এটি বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।'

নায়েমের মহাপরিচালক প্রফেসর খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।